# বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর জোর ইরানের

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%9d%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%b0/
- Published: 2026-04-19T10:18:01+06:00
- Author: বার্তা বিভাগ

[[

ঢাকা, ১৯ এপ্রিল: যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ 
চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। একইসঙ্গে
এই রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ ঠিক করা সম্ভব নয় বলেও জানান
তিনি।

শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, কিছু বিষয় নিয়ে দুই পক্ষ
এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এর প্রধান কারণ, যুক্তরাষ্ট্র ‘অতিরিক্ত দাবি’ উত্থাপন
করেছে।

অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে,
তেহরান তাদের শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে।
এছাড়া তারা দীর্ঘ ও অর্থহীন আলোচনা করে সময় নষ্ট করতে চায় না বলেও স্পষ্ট করে দিয়েছে
তেহরান।

এদিকে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব দেওয়া হয়ে[ছে। তেহরান](http://বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর জোর ইরানের)
সেগুলো পর্যালোচনা করছে এবং এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে ইরানের সর্বোচ্চ জাতীয়
নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে উল্লেখ করেছে।

জানা যায়, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার শান্তি আলোচনা 
ফলপ্রসু হয়নি। যদিও দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র
ও ইরানকে আলোচনায় ফেরাতে চেষ্টা করছে পাকিস্তান।
