
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরে চিকিৎসক পরিচয় ব্যবহার করে রোগীদের বিভ্রান্ত করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত চৌধুরী ফার্মেসিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
অভিযানকালে দেখা যায়, শুধুমাত্র ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) কোর্স সম্পন্ন করেও মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগী দেখছিলেন। স্থানীয়দের কাছে তারা চিকিৎসক হিসেবে পরিচিত হওয়ায় সাধারণ রোগীরা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
এ সময় ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়।
অভিযানের সময় অভিযুক্তরা অভিযোগের সত্যতা স্বীকার করলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন তারা।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব-১২ এবং জেলা পুলিশের সদস্যরা।