# ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের ওপর মবিং, ব্যবসায়ীর নামে মামলা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d/
- Published: 2026-02-20T12:33:56+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**নিউজ ডেস্ক, ২০ ফেব্রুয়ারি:** রাজধানীর চকবাজারে রমজানের বাজার মনিটরিংয়ে গিয়ে
মবের শিকার হয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট
আব্দুল জব্বার মণ্ডল। অভিযানকালে এক ব্যবসায়ীকে জরিমানা করায় ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী
সমিতির সভাপতি পরিচয় দেওয়া এক ব্যক্তি তাকে হুমকি দেন এবং অন্যান্য ব্যবসায়ীদের 
নিয়ে মব সৃষ্টির চেষ্টা চালান। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে
ভাইরাল হয়েছে।

### অভিযানে অনিয়ম ও জরিমানা

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকি
করতে চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে
এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, গত ১০ দিনের ব্যবধানে ছোলার দাম
কেজি প্রতি ৫ টাকা করে বেড়েছে।

ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল ছোলার দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ী
ক্রয়মূল্য বেশি বলে জানান। কিন্তু পণ্য ক্রয় সংক্রান্ত ক্যাশ মেমো দেখতে চাইলে তিনি
দেখাতে পারেননি। এ কারণে মেসার্স দেওয়ান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা 
হয়।

### ম্যাজিস্ট্রেটকে হুমকি ও মবিংয়ের চেষ্টা

জরিমানার পরপরই মোহাম্মদ আলী ভূট্টো নামে এক ব্যক্তি নিজেকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির
সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বারকে আঙুল উঁচিয়ে বিভিন্ন হুমকি-ধমকি
দিতে শুরু করেন। তিনি জরিমানা পরিশোধ করবেন না বলে জানিয়ে অন্যান্য দোকানদার ও খুচরা
ব্যবসায়ীদের ডেকে মব সৃষ্টির চেষ্টা চালান। একপর্যায়ে তিনি দোকানপাট বন্ধ করারও ঘোষণা
দেন।

ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বিষয়টি নিয়ে আলোচনা[র জন্য সমিতির](http://ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের ওপর মবিং, ব্যবসায়ীর নামে মামলা)
অফিসে যাওয়ার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং ঘটনাস্থলেই ব্যবসায়ীদের
জড়ো করতে থাকেন।

### ম্যাজিস্ট্রেটের বক্তব্য

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার জানান, “মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি 
পরিচয় দেওয়া ওই ব্যক্তি জরিমানা পরিশোধ করবেন না জানিয়ে ব্যবসায়ীদের জড়ো করতে 
থাকেন এবং দোকানপাট বন্ধ করার ঘোষণা দেন। তিনি হইচই শুরু করেন এবং বিভিন্নভাবে ব্যবসায়ীদের
উত্তেজিত করে সরকারি কাজে বাধা প্রদান করেন। এমতাবস্থায় ওই ব্যক্তিকে ইস্যুটি সমাধানে
তাদের সমিতির অফিসে গিয়ে আলোচনার প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন এবং দাঁড়িয়ে
থেকেই অন্যান্য ব্যবসায়ীদের জড়ো করতে থাকেন। এর ফলে বাধ্য হয়ে ঘটনাস্থল ত্যাগ করি।”

### আইনগত ব্যবস্থা

পরে এ ঘটনায় মোহাম্মদ আলী ভুট্টোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট
আব্দুল জব্বার বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, আব্দুল জব্বার মণ্ডল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন আলোচিত ম্যাজিস্ট্রেট।
এর আগেও বিভিন্ন সময়ে নিত্যপণ্যের বাজার তদারকিতে তার কঠোর অবস্থানের জন্য তিনি সংবাদমাধ্যমের
শিরোনাম হন।
