# মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/
- Published: 2026-09-24T11:52:07+06:00
- Author: বার্তা বিভাগ

[[

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের
নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে
ও মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে
জুবায়েদুল ইসলাম (৩০)।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক
যাত্রী মাইক্রোবাসে সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে
মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভুলক্রমে মহাসড়কের বিপরীত লেনে উঠে
যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি
সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা 
হয়েছে।

হাইওয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
