প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৪:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
মাত্র দেড় টাকায় মিলবে এক ইউনিট বিদ্যুৎ: বগুড়ায় আরডিএ-র ফ্লাইহুইল প্রযুক্তি

স্টাফ রিপোর্টার, বগুড়া:
জ্বালানি সংকটের এই সময়ে দেশের বিদ্যুৎ খাতে আশার আলো দেখাচ্ছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। কোনো প্রকার প্রচলিত জ্বালানি ছাড়াই সম্পূর্ণ যান্ত্রিক শক্তি সঞ্চয় ব্যবস্থার মাধ্যমে ‘ফ্লাইহুইল’ প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সফলতা দাবি করেছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে ব্যবহার করা গেলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়বে মাত্র ১ টাকা ৫০ পয়সা।
গত রবিবার বগুড়ার এরুলিয়া ইউনিয়নের বামদিঘি এলাকায় আরডিএ-র এই পরীক্ষামূলক প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দুটি সেচ পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে প্রযুক্তির কার্যকারিতা প্রদর্শন করা হয়।
খরচ কমবে চার গুণ:সংশ্লিষ্ট গবেষকদের দাবি, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বা
লানি সংকটের এই সময়ে কম খরচের এই প্রযুক্তি দেশের সামগ্রিক চিত্র বদলে দিতে পারে। বর্তমানে সৌরবিদ্যুতের মাধ্যমে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যেখানে ১০০ কোটি টাকার বেশি খরচ হয়, সেখানে ফ্লাইহুইল প্রযুক্তিতে মাত্র ২৫ কোটি টাকা ব্যয়ে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে করে প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ মাত্র ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা হতে পারে। তাছাড়া, এই প্রযুক্তি সৌরবিদ্যুতের মতো আবহাওয়া বা দিনের আলোর ওপর নির্ভরশীল নয়।
প্রকল্পের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা:
গবেষণায় যুক্ত আরডিএ-র উপপরিচালক কৃষিবিদ প্রকৌশলী ড. মনিরুল ইসলাম জানান, ২০০৪ সাল থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু হলেও ২০১০ সালের পর গবেষণায় নতুন গতি আসে। বর্তমানে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জলবায়ু ট্রাস্টে প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অর্থ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি পাওয়া গেলে খুব দ্রুতই এই স্বল্পমূল্যের বিদ্যুৎ সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।
প্ল্যান্টের কার্যকারিতা সরেজমিনে পরিদর্শন করে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহদী (আলহাজ্ব) এবং আরডিএ-র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময় এবং দেশের বিদ্যুৎ খাতকে সমৃদ্ধ করতে এই প্রযুক্তিকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে সরকারি সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।
Copyright © 2026 Bogra Times | বগুড়া টাইমস. All rights reserved.