
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় তরুণ সমাজকে মাদকের কালিমা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। ‘মাদককে না, ক্রীড়াকে হ্যাঁ’—এই স্লোগানকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের জামুর ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।
অনুষ্ঠানে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ৩০টি জার্সি ও ফুটবল বিতরণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে, যাতে তরুণরা মাঠমুখী হয় এবং অসুস্থ প্রতিযোগিতা থেকে দূরে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ‘আমরা জুলাই যোদ্ধা’-র আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুসুম্বী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ, কুসুম্বী ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক শামীম রেজা, সদস্য সেলিম রেজা, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি চান মাহমুদ (রাজু)সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও এলাকার ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে নাসির উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চা বাড়লে যুবসমাজ মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। সুস্থ দেশ গড়তে হলে আমাদের তরুণদের মাঠে ফিরিয়ে আনতে হবে।”