
মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক 'এটা আমাদেরই গল্প' এখন দর্শকপ্রিয়তার তুঙ্গে। সপ্তাহে দু’দিন প্রচার হওয়া এই নাটকটি প্রকাশের একদিনের মধ্যেই ইউটিউবে কোটি ভিউ হচ্ছে, আর চরিত্রগুলোও আছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে বাড়ির ছোট বউ ‘মেহরিন’ চরিত্রটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, আর এই চরিত্রে অভিনয় করে এখন সবার নজরে কেয়া পায়েল।
অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই চরিত্রটি এতটাই প্রিয় হয়েছে যে অনেকেই কেয়া পায়েলকে এখন ‘মেহরিন’ নামেই ডাকছেন। নাটকের একটি পোস্ট নিজের ফেসবুক ওয়ালে দিলেও শত শত মন্তব্য আসছে নাটকটি নিয়ে। অনেকদিন পর পারিবারিক গল্পের একটি নাটক দর্শকদের মনে ধরেছে বলে জানান এই অভিনেত্রী।
কেয়া পায়েল বলেন, “নাটকটির প্রশংসা যেখানেই যাই সেখানেই শুনছি। আর আমি তো এখন মেহরিনই হয়ে গেছি। কারণ এ নামেই মানুষ এখন আমাকে ডাকছে। অনেক মজার মজার ঘটনা ঘটছে চরিত্রটি নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নাটক ও মেহরিন চরিত্রটি নিয়ে ব্যাপক আলোচনা। আমি তো অবাকই হয়ে যাই মাঝেমধ্যে। এই সময়ে এসে একটা ধারাবাহিক নাটকের এত পপুলারিটিও থাকতে পারে!”
এদিকে, ‘এটা আমাদেরই গল্প’র বাইরেও ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। আসছে ঈদ উপলক্ষে তিনি কমপক্ষে এক ডজন নতুন নাটকে অভিনয় করেছেন। জানালেন, এই নাটকগুলোর গল্প ও চরিত্রও অন্যরকম। ঈদে নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে বলে আশা তার।