
নিউজ ডেস্কঃ-:
দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা ও সাশ্রয়ী মনোভাব বজায় রাখতে রাত ৮টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন যশোরের ব্যবসায়ীরা। শুক্রবার (৬ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে শপিংমল ও পোশাকের দোকানগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।
বৃহস্পতিবার যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। তিনি বলেন, 'বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের বিদ্যুৎ ব্যবহারে অত্যন্ত সাশ্রয়ী হতে হবে। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রাখতে হবে। শহরের মার্কেটগুলোতে আলোকসজ্জাও সীমিত করতে হবে।'
তিনি আরও জানান, সন্ধ্যার পর অপ্রয়োজনীয় লাইট বন্ধ রেখে এবং দোকানপাট নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করে দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখতে চান ব্যবসায়ীরা।
সভায় জানানো হয়, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে পোশাকের দোকান ও শপিংমলগুলো ঈদের আগ পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ পাবে। তবে ঈদের পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে কঠোরভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু। এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের এই উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ মানুষের মাঝেও সচেতনতা বাড়ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।