প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৮:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
রুমিন ফারহানাকে শুভেচ্ছা অপুর, সামাজিক মাধ্যমে তোলপাড়

বিনোদন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের স্টোরিতে এই ছবি আপলোড করে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান তিনি।
নারী নেতৃত্বের এই জয়ে ঢালিউড কুইনের সমর্থন নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেললেও থেমে থাকেনি সমালোচনা।
সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়াও
নেটিজেনদের একাংশ মনে করছেন, রুমিন ফারহানার সঙ্গে এই ছবিকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন অপু বিশ্বাস। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, তারকাদের এমন রাজনৈতিক ছবি ও প্রতিক্রিয়া প্রকাশের উদ্দেশ্য বরাবরই নেতিবাচক।
অপু যা বলছেন
তবে অভিনেত্রীর দাবি, এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি ঘটনা। তার ভাষায়, "রুমিন ফারহানাকে রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সিনেমার মানুষ হিসেবে আমি একজন নেত্রীর কাছে শিল্পের সার্বিক উন্নয়নের প্রত্যাশা করছি।"
একটি শক্তিশালী চলচ্চিত্রশিল্প দেশের সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্বাস করেন অপু। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করবে বলে আশা রাখেন তিনি।
প্রসঙ্গ রুমিন ফারহানা
বিএনপি থেকে বহিষ্কারের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে 'হাঁস' প্রতীকে নির্বাচনে অংশ নেন রুমিন ফারহানা। এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিএনপি-জোট সমর্থিত প্রার্থীকে বিশাল ব্যবধানে হারান তিনি। জয়ের পর থেকেই বিভিন্ন মহল থেকে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন জাতীয় রাজনীতির এই পরিচিত মুখ।
Copyright © 2026 Bogra Times | বগুড়া টাইমস. All rights reserved.