
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ও শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া যায়।
গ্রেফতারকরা হলেন: মো. তুহিন ইসলাম (৩০), পিতা মো. খাদেদুল ইসলাম, গ্রাম দোহাজারী, থানা তারাগঞ্জ, রংপুর; মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), পিতা মো. শাহাদাৎ হোসেন, গ্রাম মুগলীবাড়ী, থানা পাটগ্রাম, লালমনিরহাট; মো. শিমুল মিয়া (২৮), পিতা মো. শামছুল হক, গ্রাম ইশ্বরকোল, থানা কালীগঞ্জ, লালমনিরহাট; এবং মো. হাবিবুর রহমান (২৭), পিতা মো. জাহাঙ্গীর আলম, গ্রাম লতাবর, থানা কালীগঞ্জ, লালমনিরহাট।
প্রথমে হাতীবান্ধা থানার দোয়ানী পুলিশ চেকপোস্ট এলাকা থেকে তুহিন ইসলাম ও সাদেকুল ইসলাম শাওনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি নিবন্ধনবিহীন লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতায় কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নে অভিযান চালিয়ে শিমুল মিয়াকে গ্রেফতার করে তার বাড়ি থেকে একটি পুরনো ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে একই থানার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রাম থেকে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ি থেকে একটি নাম্বার প্লেটবিহীন কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি বাইক উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সক্রিয় চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছে। চোরাই যানবাহন উদ্ধার ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।