শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (১১ নভেম্বর) বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
অভিযানে মনিরামপুর এলাকার ওম মোদক লাইভ বেকারিতে মোড়কে উৎপাদন বা মেয়াদসংক্রান্ত তারিখ ও বিক্রয়মূল্য উল্লেখ ছাড়াই বিস্কুট, ব্রেড ও ডেকোরেটেড কেক বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ও ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দ্বারিয়াপুর এলাকার প্রীতম সুইটসে সিএম সনদ ছাড়া সুইটমিট ও ঘি বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় দায়িত্ব পালনরত কর্মকর্তাকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনার পরীক্ষক (মেট্রোলজি) তাহসিন মাহমুদ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. রায়হানুল হক।
বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান মো. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।