
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে দেশের সকল প্রকার কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার ঘোষিত ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত এই বন্ধ কার্যকর থাকবে।
আজ রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সোমবার থেকে সরকার ঘোষিত ঈদুল ফিতরের ছুটিকাল পর্যন্ত বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। একই সাথে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর শ্রেণি কার্যক্রমও এ সময়ের জন্য বন্ধ থাকবে।
তবে বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাগুলো পরিচালনা করতে পারবে।
রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনদুর্ভোগ কমানো এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম) স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সংক্রান্ত নির্দেশনা দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সকল জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়েছে।