bogra times cover image-1
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬

শেরপুরের মির্জাপুরে ফসলি জমি ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, স্থায়ী সমাধানের নির্দেশনা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ১৩, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর এলাকায় বর্ষার অতিরিক্ত পানির প্রবল স্রোতে ফসলি জমি ভাঙনের ঘটনা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।

রোববার (১২ জুলাই) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভাঙনের কারণ ও প্রতিকার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা ইউএনওকে জানান, প্রতি বর্ষা মৌসুমেই অতিরিক্ত পানির প্রবাহের কারণে ওই এলাকায় ফসলি জমিতে ভাঙন দেখা দেয়। দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে তারা বিদ্যমান পাকা ড্রেনটি সম্প্রসারণের দাবি জানান।

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ অথবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এদিকে, তাৎক্ষণিকভাবে বিদ্যমান ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ সরবরাহের বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেন ইউএনও মো. সাইদুজ্জামান হিমু।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে এবং ভবিষ্যতে ভাঙন রোধে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উভয় ধরনের পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।