# শেরপুরে আগুনে পুড়ল লাচ্ছা সেমাই কারখানা, ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল আহ্বায়ক মামুন

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d/
- Published: 2026-05-27T12:52:41+06:00
- Author: বার্তা বিভাগ

[[

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর রনোবিরবালা এলাকায় অবস্থিত একটি লাচ্ছা
সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার কাঁচামাল, উৎপাদিত পণ্য
ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। মালিকপক্ষের দাবি, আগুনে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার
ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ মে) ভোর 
সাড়ে ৪টার দিকে ‘আনন্দ লাচ্চা সেমাই’ ও ‘নাহিদ এন্ড নাইম ফুড প্রোডাক্ট’ কারখানায় এ
অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, ভোরে কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের
হতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর
পেয়ে [শেরপুর](http://শেরপুরে আগুনে পুড়ল লাচ্ছা সেমাই কারখানা, ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল আহ্বায়ক মামুন)
ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে
জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক
ও চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুদ্দৌলা মামুন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মালিক হেলাল 
উদ্দিনের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন 
খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা ও যুবদল নেতা ফিরোজ আহমেদসহ প্রমুখ।
