
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা আন্ডারপাস এলাকায় যানজট ও দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান ও বেপরোয়া পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্রিজের নিচে ও তার আশপাশের এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী।
অভিযানে উচ্ছেদ করা হয় কাঁচামাল, আখ, আনারস, চা ও রুটির দোকানসহ একাধিক স্থাপনা। পাশাপাশি নিয়ম ভঙ্গ করে সড়কে দাঁড় করিয়ে রাখা সিএনজি অটোরিকশাগুলোকেও সরিয়ে দেওয়া হয়। ফলে আন্ডারপাসটির উভয় দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয় এবং যাত্রী ও স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসে।
অভিযানের মধ্যেই মজুমদার কোম্পানির ছাইবোঝাই দুটি ট্রাক উল্টোপথে আন্ডারপাসে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হাইওয়ে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে ট্রাক দুটি ফিরিয়ে দেয় এবং চালকদের সঠিক পথে চলাচলের নির্দেশ দেয়।
ওসি আইয়ুব আলী জানান, আজকের অভিযান ছিল প্রাথমিক পর্যায়ের পদক্ষেপ। তিনি আরও বলেন, "উচ্ছেদের পরও কেউ যদি পুনরায় ব্রিজের নিচে অবৈধ দোকান গড়ে তোলে, তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেবেন।"
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এখানে দোকান ও সিএনজির দখলে সড়ক সংকীর্ণ হয়ে যেত, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছিল। এখন অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে নিয়মিত মনিটরিং ও টেকসই ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা।
উচ্ছেদের পর আন্ডারপাস এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও প্রশাসনকে বাড়তি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।