
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কানাইকান্দর ঘোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে প্রায় ৩৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়, যা সংগঠনের বৃহৎ পরিকল্পনার সূচনা মাত্র।
সংগঠনের সভাপতি মো: নাদিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজান। এছাড়াও স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শিহাব, দপ্তর সম্পাদক সোহেল রানা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা মাত্র। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজারেরও বেশি চারা রোপণ ও বিতরণ করা হবে। বিশেষ উদ্যোগে প্রতিটি বিদ্যালয়ে অন্তত একটি করে কৃষ্ণচূড়া গাছ রোপণের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে তারা স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করছেন। আগামী দিনে আরও বেশি সংখ্যক চারা রোপণের মাধ্যমে তারা সবুজ বনায়নে অবদান রাখতে চান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে গাছের যত্ন নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।