শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে জোরপূর্বক চাষাবাদের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকানা দাবি করা মো. রেজাউল করিম প্রতিকার ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রেজাউল করিম বলেন, বিনোদপুর মৌজায় তাঁদের পরিবারের ১৯৪ শতক পৈতৃক জমি রয়েছে। জমির রেকর্ড নিয়ে বিরোধের জেরে ২০২৪ সালে বগুড়ার আদালতে দুটি মামলা করেন তিনি। এ ছাড়া জমি দখলের চেষ্টা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা করেন।
রেজাউল করিমের অভিযোগ, গত ২৫ অক্টোবর ওয়াজেদ আলী, গাফফারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে হালচাষ শুরু করেন। এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দিলে পরদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের জমিতে না যাওয়ার বিষয়ে নিষেধ করে। কিন্তু ২৭ অক্টোবর তাঁরা আবারও জমিতে গিয়ে চাষাবাদ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।
জমিতে চাষাবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন রেজাউল করিম। আদালতে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, জমিজমা সংক্রান্ত ঘটনায় পুলিশের হস্তক্ষেপ করার সুযোগ নেই। তবে আইনশৃঙ্খলা অবনতি হলে বা ফৌজদারি কোন অপরাধ সংঘটিত হলে পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।