bogra times cover image-1
ঢাকাSaturday , 17 October 2026

শেরপুরে দখলমুক্ত জলাধার পরিষ্কারে অভিযান, হবে দৃষ্টিনন্দন লেক

এনাম হকঃ-
October 17, 2026 8:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১৭ অক্টোবর ২০২৬

বগুড়ার শেরপুর পৌরসভার ফরেস্ট অফিস গেট সংলগ্ন জলাধারটি দখলমুক্ত ও পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। দীর্ঘদিন ধরে পানিপ্রবাহ বন্ধ থাকায় নোংরা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এই জলাধারটি পরিষ্কারের পাশাপাশি এটিকে পৌরসভার নির্মাণাধীন ড্রেনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এতে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি জলাধারটি দৃষ্টিনন্দন লেকে রূপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শনিবার সকালে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় জলাধারটিতে পানির স্বাভাবিক প্রবাহ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় বর্ষাকালে জলাবদ্ধতা দেখা দিত। সম্প্রতি জলাধারটি দখল করে গড়ে তোলা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এরপর আজ শনিবার সকাল নয়টা থেকে স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে জলাধারটি পুরোপুরি পরিষ্কারের কাজ শুরু হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, “কালে বিবর্তনে জলাধারটির স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে নাজুক অবস্থা তৈরি হয়েছিল। এর আগে আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছি। এবার এটিকে পরিষ্কার করে ড্রেনেজ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হচ্ছে। পরিচ্ছন্নতা শেষ হলে জলাধারের দুই পাশে রোপণ করা হবে হরেক রকমের গাছ ও ফুলের গাছ। পুরো স্থানটিকে একটি দৃষ্টিনন্দন লেকে পরিণত করার পরিকল্পনা রয়েছে আমাদের।”

তিনি আরও জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে প্রতি শনিবার এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। নিজের বাড়ির আশপাশ ও আঙিনা পরিষ্কার রাখতে সাধারণ নাগরিকদের প্রতিও আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে স্থানীয় যুব সমাজ ও বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

error: Content is protected !!