# শেরপুরে নতুন উদ্যোক্তা খুঁজতে বাংলাদেশ ব্যাংকের তিনদিনের ক্যাম্পেইন শুরু

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%96/
- Published: 2026-11-11T10:12:32+06:00
- Author: বার্তা বিভাগ

[[

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বগুড়ার শেরপুর
উপজেলায় তিন দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির
মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত
করা এবং ব্যাংকিং সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পেইনের প্রথম দিনে উপজেলার শাহবন্দেগী, খামারকান্দি ও 
গাড়ীদহ ইউনিয়ন পরিষদ এলাকায় পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার উদ্যোগে এবং [প্রাইম ব্যাংক পিএ](http://শেরপুরে নতুন উদ্যোক্তা খুঁজতে বাংলাদেশ ব্যাংকের তিনদিনের ক্যাম্পেইন শুরু)
লসি শেরপুর শাখার সার্বিক সহযোগিতায় এ প্রচারাভিযানের আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অতিরিক্ত পরিচালক আব্দুল
হান্নান। প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক টিএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক
এএসএম মনোয়ার হোসেন, ট্রাস্ট ব্যাংক শেরপুর শাখার অপারেশন ম্যানেজার শেখ মো. ইসমাঈল
হোসেন, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, গাড়ীদহ ইউনিয়ন 
পরিষদের চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান এবং খামারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান
মাজেদুর রহমান মিলন।

এ ছাড়া প্রাইম ব্যাংকের কর্মকর্তা জাকির হোসেন ও মাহমুদুল হাসান বক্তব্য দেন।

সভাগুলোতে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে অনেক তরুণের মধ্যে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা
রয়েছে। প্রয়োজনীয় দিকনির্দেশনা, আর্থিক সহায়তা ও ব্যাংকিং সুবিধা পেলে তাঁরা নিজেদের
কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারবেন।

এ সময় নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের সম্ভাবনা, ব্যাংকঋণ ও অন্যান্য আর্থিক সুবিধা 
পাওয়ার প্রক্রিয়া এবং উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সম্ভাবনাময়
তরুণদের চিহ্নিত করে তাঁদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে উৎসাহিত করেন আয়োজকেরা।

তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা
খুঁজে বের করা এবং তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সচেতনতা তৈরির উদ্যোগ
নেওয়া হয়েছে।
