
বগুড়ার শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গর্ভবতী নারীসহ একই পরিবারের চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনিতে এ ঘটনা ঘটে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তিরা হলেন শাকিল ইসলামের দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিহা আক্তার, তাওয়াই সিদ্দিক আলী (৬০), দুলাভাই আবদুস সালাম (৪০) ও বোন সুমি বেগম। তাঁদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সাবিহা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শাকিল ইসলাম (২৭) শেরপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে শামীম ইটের টুকরা দিয়ে সাবিহা আক্তারের পেটে আঘাত করেন। সিদ্দিক আলী এগিয়ে এলে এনামুল হক বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। পরে অন্যদেরও মারধর ও ইটের টুকরা নিক্ষেপ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শামীম বলেন, মারামারি হয়েছে । এতে আমরা উভয় পক্ষই আহত হয়েছি। টাকার বিষয়ে হিসেবে বসতে হবে।