# শেরপুরে পেট্রোলপাম্পে অভিযান: হেলমেট ও কাগজপত্র না থাকায় জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad/
- Published: 2026-04-06T22:58:41+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বগুড়ার শেরপুর উপজেলায় পেট্রোলপাম্পগুলোতে সতর্কতামূলক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর
নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।**

অভিযানকালে উপজেলার নাবিল তেল পাম্প এলাকায় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট
না থাকায় দুজন চালককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় 
অতিরিক্ত ভিড় ও চাপ সামাল দিতে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী 
মোটরসাইকেল চালাতে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন ও হেলমেট বাধ্যতামূলক। যাদের
এসব কাগজপত্র নেই, তাদের তেল সরবরাহ করা হচ্ছে না এবং প্রয়োজন অনুযায়ী [আইনগত](https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad/)
ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘সড়কে দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের
অভিযান অব্যাহত থাকবে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু পাম্পেই নয়, প্রয়োজনে সড়কেই মোটরসাইকেলের কাগজপত্র
ও হেলমেট পরা সংক্রান্ত চেকিং জোরদার করা হবে। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন
স্থানীয়রা।
