# শেরপুরে ফ্যামিলি কার্ড শুমারি- ১৮০০ প্রার্থীর লড়াই শেষে নির্বাচিত ১৮৩

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b6/
- Published: 2026-08-08T23:37:10+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:**

বগুড়ার শেরপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের জন্য বহুল প্রতীক্ষিত
নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। দীর্ঘ প্রতিযোগিতা, ব্যবহারিক ও মৌখিক
পরীক্ষার সব ধাপ অতিক্রম করে ১৮০০ প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন
১৮৩ জন প্রার্থী।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের নোটিশ[ বোর্ডে ও অ](http://শেরপুরে ফ্যামিলি কার্ড শুমারি ১৮০০ প্রার্থীর লড়াই শেষে নির্বাচিত ১৮৩, রিজার্ভে ১৬ জন)
ন্যান্য মাধ্যমে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (৭ আগস্ট)
চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান
হিমু এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাঈম ইসলাম।

উপজেলা প্রশাসন জানায়, শেরপুর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ
পরিচালনার জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ১৮০০ পরীক্ষার্থীর মধ্যে ২২০ জন লড়েছিলেন
সুপারভাইজার পদের জন্য এবং বাকিরা ছিলেন তথ্য সংগ্রহকারী পদের প্রতিযোগী।

প্রকাশিত ফলাফলে ১৬৮ জনকে তথ্য সংগ্রহকারী হিসেবে চূড়ান্ত করা হয়েছে এবং সম্ভাব্য
জরুরি প্রয়োজনের জন্য ১৫ জনকে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি ১৫ জন সুপারভাইজার
পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এবং ১ জনকে রিজার্ভ রাখা হয়েছে।

শুমারি কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ ও নির্ভুল করার লক্ষ্যেই এই বিশাল জনবল নিয়োগ প্রক্রিয়া
সম্পন্ন হলো। নবনিযুক্ত কর্মী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য
সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মূল দায়িত্ব পালন করবেন। দ্রুতই তাদের ওরিয়েন্টেশন এবং 
মাঠকালীন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, এই শুমারির
মাধ্যমে প্রান্তিক ও সাধারণ মানুষের কাছে সরকারি সেবার সঠিক ও যুগোপযোগী ডাটাবেজ নিশ্চিত
সম্ভব হবে।
