
নিজস্ব প্রতিবেদক, শেরপুর (বগুড়া)
বগুড়ার শেরপুরে বিনা মূল্যের চক্ষু শিবিরে চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার গোসাইবাড়ী বটতলা বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক ও ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এ চক্ষু শিবিরে রোগীদের চোখের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনা মূল্যে করা হয়।
শিবিরে দায়িত্ব পালনকারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাজু আহমেদ বলেন, বিকেল পর্যন্ত প্রায় ৬০ জন রোগী সেবা নিয়েছেন। প্রতি ছয় মাস পরপর এ ধরনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়। আর্থিকভাবে অসচ্ছল রোগীদের বিদেশি লেন্সসহ ছানি অপারেশন মাত্র দুই হাজার টাকায় করা হয়। এ ছাড়া নেত্রনালির অপারেশন, চোখের মাংস বৃদ্ধি (প্টেরিজিয়াম) অপারেশনসহ চোখের অন্যান্য সমস্যার চিকিৎসার ব্যবস্থাও রয়েছে।
ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুল লতিফ বলেন, গ্রামের সাধারণ ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।