শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও পড়াশোনায় উৎসাহ দিতে বগুড়ার শেরপুরে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করেছে মেরিডিয়ান একাডেমি। পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ২০ শিক্ষার্থীকে শিক্ষা উপহার ও সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে এসএসসি-২০২৭ প্রস্তুতি কোর্স ও এক্সাম ব্যাচের উদ্বোধন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় মেরিডিয়ান একাডেমি কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর আগে শুক্রবার বিকেল ৩টায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিডিয়ান একাডেমির পরিচালক আসাদুল ইসলাম রাজু। প্রধান অতিথি ছিলেন শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা ও শিক্ষক শফিকুল ইসলাম (মিঠু)। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক আজাদুল ইসলাম এবং মেরিডিয়ান একাডেমির সহকারী পরিচালক আফিয়া আক্তার বিথী।
পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুমতাহিনা প্রজ্ঞা। দ্বিতীয় হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ রাইম। তৃতীয় স্থান অর্জন করেছে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. আফফান মাহিন।
পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারীকে পাঁচ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে চার হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে তিন হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপহার দেওয়া হয়। এ ছাড়া মেধা তালিকায় স্থান পাওয়া বাকি শিক্ষার্থীদেরও বিভিন্ন মূল্যমানের শিক্ষা উপহার দেওয়া হয়। সব মিলিয়ে ২০ শিক্ষার্থীকে পুরস্কৃত ও সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মিঠু স্যার বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরিতে মেধাবৃত্তি পরীক্ষার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এ জন্য তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপস্থিত শিক্ষকেরা। তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের গণিতের প্রভাষক সাইফুল ইসলাম, শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের রসায়নের সহকারী শিক্ষক মো. মাসুদ হাসান জুয়েল, সামিট স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞানের প্রভাষক আব্দুল মমিন ও মোঃ আল-আমিন নিলয়, পদার্থবিজ্ঞানের প্রভাষক রতন মন্ডল, ইসলাম শিক্ষার সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ ইউনুসুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং মেরিডিয়ান একাডেমির শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মেরিডিয়ান একাডেমির পরিচালক আসাদুল ইসলাম রাজু বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলতে তাঁরা কাজ করছেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেরিডিয়ান একাডেমির এসএসসি-২০২৭ প্রস্তুতি কোর্স ও এক্সাম ব্যাচের উদ্বোধন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।