# শেরপুরে সংঘর্ষ: জামায়াত নেতা নিহত, আহত ৫০

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4/
- Published: 2026-01-29T08:18:38+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**ডেস্ক প্রতিনিধি:** শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে আসন বিন্যাসকে কেন্দ্র
করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে
শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি)
দিবাগত রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের উদ্যো[গে ঝিনাইগাতী উপ](https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4/)
জেলা পরিষদ মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত
ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে
উপস্থিত দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে।

এই সংঘর্ষে জামায়াতের অন্তত **৫০ জন সমর্থক** আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা
অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের
পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি **
রেজাউল করিম** শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল
ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেন,
শান্তিপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে 
এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে
তদন্ত শুরু হয়েছে।
