bogra times cover image-1
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬

সমালোচনাকে ইতিবাচকভাবে নিতে হবে, তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে- এমপি সিরাজ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
আগস্ট ১০, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বিএনপির সঙ্গে জনগণের সম্পর্ক এতটাই গভীর যে কেবল সমালোচনা বা ‘লাল কার্ড’ দেখানোর মাধ্যমে দলটিকে জনবিচ্ছিন্ন করা সম্ভব নয়—মন্তব্য করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। তিনি বলেন, জনগণই বিএনপির ক্ষমতার মূল ভিত্তি। তাই দলের নেতাকর্মীদের উচিত সমালোচনায় বিচলিত না হয়ে নিজেদের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া।

গত রোববার (৯ আগস্ট) বিকেল পাঁচটায় শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ, সাইকেল ও সেলাই মেশিন বিতরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারকে ঘর বরাদ্দের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।

গোলাম মো. সিরাজ আরও বলেন, দলের অনেক নেতা-কর্মী সমালোচনা সহ্য করতে পারেন না; নেতিবাচক সংবাদে তারা মন খারাপ করেন। কিন্তু প্রকৃত রাজনীতিকের এমন মনোভাব ধারণ করা উচিত নয়। বরং নেতিবাচক আলোচনাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করে ভুলত্রুটি দূর করতে হবে।

তরুণ প্রজন্মের চিন্তা-মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রে আমাদের চেয়েও উন্নত। তাদের মধ্যে নেতিবাচক দিক থাকলেও তাঁদের মতামত ও ত্যাগকে সম্মানের সঙ্গে দেখা উচিত। নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে কাজে লাগিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।

এমপি সিরাজ বলেন, তারেক রহমান দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্মের হাত ধরেই বিএনপির নেতৃত্বে দেশ আরও মজবুত ভিত্তিতে এগিয়ে যাবে। এ জন্য সবার দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ভারতসহ সবার সঙ্গে সুসম্পর্ক ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু ফ্যাসিস্টদের আশ্রয় দিয়ে ভারত সে সম্পর্কের উন্নতি ঘটাতে ব্যর্থ হচ্ছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, নেতা পিয়ার আহমেদ পিয়ার ও যুবদল নেতা আবু রায়হান।

সভায় প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ, সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারকে গৃহহীনতা মোচনে ঘর বরাদ্দ দেওয়া হয়।