
বিনোদন ডেস্কঃ
পর্দার ‘গীত গোবিন্দম’ কিংবা ‘ডিয়ার কমরেড’ ছবির রসায়ন এবার বাস্তবে রূপ নিল। দীর্ঘ গুঞ্জন আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এক রাজকীয় আয়োজনে একে অপরের হাত ধরলেন এই তারকা দম্পতি।
বিজয়-রাশমিকার বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ছিল সরগরম। তবে বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের নজর কেড়েছে বর-কনের গায়ের অলঙ্কার। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, হায়দরাবাদের এক বিখ্যাত জুয়েলারি হাউস এই দম্পতির বিয়ের বিশেষ গহনাগুলো তৈরি করেছে। বিয়ের সাজে রাশমিকা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের নিখুঁত ঐতিহ্যবাহী আভিজাত্য।
রাশমিকার বিয়ের সাজের প্রধান আকর্ষণ ছিল তার গহনা। তিনি পরেছিলেন বিশেষ 'কাসু মালা', যা তার গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত ছিল। গহনাটিতে খোদাই করা ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও নিপুণ কল্কার নকশা। এছাড়া কনের সাজে ছিল:
মাথায় জমকালো টায়রা-টিকলি।
কানে ঐতিহ্যবাহী ঝুমকা।
হাতে বাহারি চুড়ির সঙ্গে বিশেষ ‘হাতপদ্ম’।
সব মিলিয়ে জানা গেছে, বিয়ের আসরে কনের গায়ে ছিল প্রায় ৩ কেজি ওজনের স্বর্ণালঙ্কার।
গহনা পরার প্রতিযোগিতায় পিছিয়ে ছিলেন না বর বিজয় দেবরাকোন্ডাও। সিল্কের ধুতি আর লাল উত্তরীয়র সঙ্গে তিনি পরেছিলেন প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের অলঙ্কার। তবে সবার আলোচনার কেন্দ্রে ছিল বিজয়ের কবজিতে থাকা বিশেষ একটি ব্রেসলেট, যা তৈরি করা হয়েছে 'বাহুবলী' সিনেমার আদলে। এই দম্পতির আংটি থেকে শুরু করে প্রতিটি গহনাতেই ছিল মন্দির ও বিগ্রহের কারুকার্য।
বর্তমানে বাজারে স্বর্ণের আকাশচুম্বী দামের মধ্যে এই তারকা দম্পতির এমন জাঁকজমকপূর্ণ সাজ এখন ইন্টারনেটে ‘টক অব দ্য টাউন’। ভক্তরা শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন এই নবদম্পতিকে।