# সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে সেনা ক্যাম্প স্থাপন

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%b0/
- Published: 2026-02-07T09:14:08+06:00
- Author: বার্তা বিভাগ

[[

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারিয়াকান্দির
দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার নৌকা, ব্যাটারিচালিত
অটোরিকশা, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহনে করে সেনা সদস্যরা যমুনা নদী পাড়ি দিয়ে এসব
ক্যাম্পে অবস্থান নিয়েছেন।

কোথায় স্থাপন হলো ক্যাম্প
 সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চলে এবার প্রথমবারের মতো
দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর একটি কাজলা ইউনিয়নের কটাপুর বাজার এলাকার ইউনিয়ন
পরিষদে এবং অপরটি কর্ণিবাড়ী ইউনিয়নের শোনপচা উচ্চ বিদ্যালয়ে।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, মোট তিন প্লাটুন সেনা সদস্য এই দুটি ক্যাম্পে অবস্থান
নিয়েছেন। কাজলায় রয়েছেন দুই প্লাটুন এবং কর্ণিবাড়ীতে রয়েছেন এক প্লাটুন সেনা সদস্য।
প্রতিটি ক্যাম্পেই বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও রয়েছেন।

কেন এ ব্যবস্থা
 বগুড়া-১ আসনের অন্তর্গত সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়নে[র মধ্যে ৪টি ইউনিয়ন সম্পূর্ণ এবং ৫টি ইউনিয়ন আংশিক নদীগর্ভে অবস্থিত। এসব ইউনিয়নের ১৯টি ভোটকেন্দ্র দুর্গম চরাঞ্চলে অবস্থিত, যেখানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা।](http://সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে সেনা ক্যাম্প স্থাপন)

বর্তমানে যমুনা নদীতে প্রচণ্ড নাব্যতা সংকট থাকায় নৌকা চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ভোটকেন্দ্রে
কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত সাড়া দিতে পায়ে হেঁটে বা মোটরসাইকেলেই যাতায়াত করতে
হয়। এ পরিস্থিতিতে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই বিশেষ নিরাপত্তা
ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রতিক্রিয়া
 কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন বলেন,“
নির্বাচন উপলক্ষে এর আগে কখনো চরাঞ্চলে সেনা ক্যাম্প স্থাপন হয়নি। বিগত নির্বাচনগুলোতে
এখানে ভোট ডাকাতির ঘটনা হরহামেশাই ঘটত। এবার সেনাবাহিনীর উপস্থিতিতে সাধারণ ভোটাররা
নিরাপত্তাবোধ করছেন।”

চরাঞ্চলের বাসিন্দারা এবার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা 
প্রকাশ করেন।

নিরাপত্তা বলয় ও প্রযুক্তির ব্যবহার
 বগুড়ার জেলা পুলিশ সুপার (পিপিএম) শাহাদাত হোসেন
বলেন, “চরাঞ্চলের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য সেনাবাহিনী, বিজিবি,
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হবে।”

তিনি আরও জানান, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশ
সদস্যদের শরীরে বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে— যা এই নির্বাচনে নতুন সংযোজন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম চরাঞ্চলের সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা
ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
