
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলের সিটের নিচ থেকে প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১টার দিকে ধুনট উপজেলা সদর ইউনিয়নের উল্লাপাড়া এলাকায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক ও শাকিল নামের দুই যুবক মোটরসাইকেলে করে শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে উল্লাপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাকিল (৩০) মারা যান। আহত আশিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহত ও আহত দুজনেরই বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুল শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। এ সময় মোটরসাইকেলের চালকের সিটের নিচে রাখা একটি ব্যাগ থেকে প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা ও মোটরসাইকেলটি ধুনট থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। তাদের ধারণা, অবৈধ মাদক বহন করার কারণে চালক দ্রুতগতিতে যানবাহনটি চালাচ্ছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। মোটরসাইকেল থেকে প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও মাদক উদ্ধারের বিষয়টি নিয়ে পৃথকভাবে তদন্ত চলছে।