
সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি। একমাত্র সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনটি দখল করেছে জামায়াতে ইসলামী। তবে সেখানেও জয়ের ব্যবধান মাত্র ৫৯৪ ভোট— যা এই জেলার নির্বাচনী ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের নিদর্শন হয়ে থাকল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং দলীয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের ১৬৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহীনুর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট। ব্যবধান ৮ হাজার ৪০০ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ১৬২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির ভিপি আয়নুল হক বিজয়ী হয়েছেন। ১৫৮ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনী
আব্দুর রউফ রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট। ব্যবধান প্রায় ৫৮ হাজার ভোট।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনটি এবারের নির্বাচনে জেলার সবচেয়ে আলোচিত আসন। ১৪৭ কেন্দ্রের মধ্যে জামায়াতের রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। অন্যদিকে বিএনপির এম আকবর আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জামায়াত প্রার্থী। এই আসনে বিএনপি-জামায়াতের লড়াই ছিল কাঁধে কাঁধ মিলিয়ে। শেষ পর্যন্ত চিরচেনা এই আসনে চমক দেখাল জামায়াতে ইসলামী।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বিজয়ী হয়েছেন। আসনটির ১৩১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। ব্যবধান প্রায় ৪৮ হাজার ভোট।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির ডক্টর এম এ মুহিত প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে বিপুল বিজয় অর্জন করেছেন। ১৬০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির সাইফ মুস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট। এই আসনে বিএনপির জয়ের ব্যবধান প্রায় ৬৮ হাজার ৪১০ ভোট— যা জেলায় দ্বিতীয় সর্বোচ্চ।
সিরাজগঞ্জ ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি। ৬ আসনের মধ্যে ৫টিতে বড় ব্যবধানে জয় তা আবারও প্রমাণ করল। তবে সিরাজগঞ্জ-৪ আসনে মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে জামায়াতের জয় দলটির জন্য ভাবনার খোরাক।
উল্লাপাড়ায় জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খানের এই জয় আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে বাকি পাঁচ আসনে বিএনপি প্রার্থীদের বিপুল ব্যবধানে জয় দলটির শক্ত অবস্থানকে আরও সুসংহত করল।
এবারের নির্বাচনে সারাদেশে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সিরাজগঞ্জের এই একটি আসনে জামায়াতের জয় প্রমাণ করল, মিত্রশক্তি হিসেবে থাকলেও প্রতিদ্বন্দ্বী হিসেবেও জামায়াতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বিএনপিকে।