# সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবে ১১ দল: জামায়াত আমির

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%87/
- Published: 2026-02-11T09:58:15+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**ডেস্ক নিউজ:** আসন্ন নির্বাচনের ফল যাই হোক না কেন, জনগণ যদি বলে সুষ্ঠু নির্বাচন
হয়েছে তবে তা মেনে নেবে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোট। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে
১১ দলীয় জোটের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা.
শফিকুর রহমান।

তিনি বলেন, ‘শুধু ভোট দিলেই হবে না, ভোট দেয়ার পর প্রত্যেক কেন্দ্র থেকে ফল বুঝে নিতে
হবে।’ অপপ্রচারে বিশ্বাস না করার পাশাপাশি তিনি অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোরও
আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণকে নিজেদের অধিকারের জন্য সবাইকে
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। দুর্নীতি ও দুঃশাসনের কারণে আমরা দেশ হিসেবে এগোতে
পারিনি। এবারের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ নতুন রাজনৈতিক দিকে আগাবে।’

## নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান

জামায়াত আমির নির্বাচন কমিশন ও প্রশাসনের সকল কর্মকর্তাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচনের দিনেও মিথ্যা প্রচারণা ও অপবাদ ছড়ানো হতে পারে।
এজন্য ১১ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা ছাড়া কোনো কথা বিশ্বাস না করার জন্য জনগণের
প্রতি আহ্বান জানানো হয়।

## ভুয়া লিফলেট ও সিসিটিভি বিতর্ক

এদিকে, একই দিন সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব
জুবায়ের অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও প্রশাসন একটি নির্দিষ্ট দলের পক্ষে হেলে পড়েছে।

তিনি বলেন, ‘ঢাকা-১৫ আসনে দুর্বৃত্তরা জামায়াতের নামে ভুয়া লিফলে[ট ছড়িয়ে বিতর্ক তৈরি](https://dailybogratimes.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%87/)
করার চেষ্টা করছে।’ এছাড়া তিনি দাবি করেন, ‘একটি দলকে সুবিধা দিতে অনেক আসনে ইচ্ছাকৃতভাবে
সিসিটিভি ক্যামেরার সংখ্যা কম রাখা হচ্ছে, যার মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম ঘটানোর 
শঙ্কা তৈরি করা হচ্ছে।’

জুবায়ের স্পষ্ট করে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করতে
চায়, জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত তা প্রতিহত করবে।’

## আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক

এর আগে সকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 
নির্বাচনি পর্যবেক্ষক দলের প্রধানসহ ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করেন। একই দিনে
ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের ৭ জন প্রতিনিধির সঙ্গেও আলাদাভাবে কথা বলেন জামায়াত নেতা।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নির্বাচনী পরিবেশ ও নির্বাচন পরবর্তী ফলাফল নিয়ে
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে বলে জানা গেছে।
