
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া এলাকায় অবস্থিত 'নিউ মাইশা স্পেশাল সেমাই' কারখানায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।
অভিযান চলাকালে কারখানায় একাধিক অনিয়ম ধরা পড়ে। দেখা যায়, শ্রমিকরা পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করছেন। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। কারখানাটিতে বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই এবং প্রয়োজনীয় অনুমোদন ব্যতীত সেমাই উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল বলেও জানা যায়।
এসব অপরাধের বিষয়ে দায় স্বীকার করায় মোবাইল কোর্ট কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানা করে এবং তা আদায় করা হয়। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি অনুযায়ী জব্দকৃত পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তায় দায়িত্ব পালন করেন বগুড়া জেলা পুলিশ ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।