
নিউজ ডেস্কঃ-: দেশের সরকারি হাসপাতালে সেবার মান উন্নয়ন ও দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে ধাপে ধাপে প্রায় এক লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ শতাংশই নারী।" তিনি জানান, চিকিৎসকের পাশাপাশি নার্স, চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতি পূরণে এই নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম উল্লেখ করে মন্ত্রী বলেন, "প্রতি বছর নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। মাত্র সাত দিন আগেও নতুন চিকিৎসকরা যোগদান করেছেন। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও নিয়োগ অব্যাহত থাকবে।"
তিনি স্বীকার করেন, দেশে নার্স ও টেকনিশিয়ানের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম।
হাসপাতালগুলোতে চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীর তীব্র সংকট রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ঘাটতি পূরণে নতুন করে নিয়োগ এবং কিছু ক্ষেত্রে আউটসোর্সিং পদ্ধতি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি হাসপাতাল থেকে ওষুধ বাইরে বিক্রির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, এখন থেকে সরকারি ওষুধে বিশেষ চিহ্ন দেওয়া হবে। এতে বাইরের ফার্মেসিতে সরকারি ওষুধ পাওয়া গেলে সহজে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।
হাসপাতালে রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, "রাজনীতি সবাই করতে পারে, আমিও করি। কিন্তু কাজের ক্ষেত্রে রাজনীতি কোনোভাবেই প্রভাব ফেলতে পারবে না। সবার আগে সেবা নিশ্চিত করতে হবে।"