# হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিয়ে গেল সহযোগীরা, আহত ৫

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/
- Published: 2026-01-14T07:38:20+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**ময়মনসিংহ, ১৪ জানুয়ারি ২০২৬: **

ময়মনসিংহ নগরীর দিগারকান্দা এলাকায় মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের
ওপর সশস্ত্র হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় কমপক্ষে
৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন এবং তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই ঘটনা
ঘটে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব ও সেনাবাহিনীর
সদস্যরা টহল দেন।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে
গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে
আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের পুলিশ দল মঙ্গলবার 
বিকেলে দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার
করে। তাকে নিয়ে ফেরার পথে আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোটা, দেশীয়
অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে
ও পিটিয়ে জখম করে হাতকড়াসহ আরিফুলকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় আহত এক এএসআই ও তিন কনস্টেবলসহ ৫ পুলিশ সদস্যকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়। এসআই ফরিদ আহমেদ সন্ধ্যা ৭টায় হাসপাতাল থেকে জানান, আহতদের
অবস্থা আশঙ্কাজনক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, “কর্তব্যরত
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর। হামলার নেতৃত্বদানকারী
আসামির পিতা সাগর আলীকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলামসহ হামলায় জড়িতদের
গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এই ঘটনা ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশ 
জানিয়েছে, অভিযান চালিয়ে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
