
নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। গণভোটে 'হ্যাঁ' ভোট জয়যুক্ত হওয়ায় সংসদে বসা মাত্রই তা কার্যকর হবে এবং এটাই জুলাই সনদ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 'হ্যাঁ' ভোটের পক্ষে পৃথকভাবে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি।
শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, "জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সংসদে শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি। 'হ্যাঁ-না' ভোট হয়েছে- গণভোট, সেখানে 'হ্যাঁ' জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটি রেইজ হবে, 'হ্যাঁ'-র শপথের কোনো প্রয়োজন নেই। 'হ্যাঁ' অটোমেটিক… জাতীয় সংসদে বসামাত্রই 'হ্যাঁ' কার্যকর হবে এবং এটাই জুলাই সনদ।"
গণভোটে 'না' ভোটের বিষয়েও পরিষ্কার ধারণা দেন এ্যানি। তিনি বলেন, যেখানে 'না' ভোট হয়েছে, সেই 'না' ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে 'নোট অব ডিসেন্ট' দেয়া হয়েছে, সেসব বিষয়ে সংসদে সিদ্ধান্ত হবে।
"আমাদের আরেকটু জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার এবং গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য যেই সিদ্ধান্তটি জনসাধারণ দিয়েছেন 'হ্যাঁ' ভোট, সেটি অটোমেটিক নীতিনির্ধারক অনুযায়ী দায়িত্বশীল অবস্থান থেকে পার্লামেন্টে রেইজ করার মধ্য দিয়ে কার্যকর হবে। এখানে শপথ নেয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।"
মন্ত্রী দাবি করেন, অনেক বিশেষজ্ঞ ইতিমধ্যে তাদের বক্তব্যে এই মতামত দিয়েছেন।
সরকারকে সহযোগিতা এবং দেশ গড়ার কাজে সবার আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, "সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারেন, দেশটাকে কিভাবে আন্তরিকতার মধ্য দিয়ে এগিয়ে নিবেন, সেই বিষয়ে কথা বলা দরকার। মতপথ ভিন্ন থাকতে পারে, সব ইস্যুতে বিরোধিতা করতে হবে, এমন অবস্থান থেকে পিছিয়ে এসে আমার মনে হয় দেশটা গড়ার জন্য সবার একসঙ্গে কাজ করার আন্তরিকতার প্রয়োজন।"
মব সৃষ্টি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির বিষয়ে সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, "মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবেন তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবেন। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায় দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে।"
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে রায় আসায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। এই ভোটের ফলাফল বাস্তবায়নে কী পদক্ষেপ নেয় সরকার, সেদিকে তাকিয়ে আছে সব মহল।