
নিজস্ব প্রতিবেদক |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বড় ধরনের বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন দেশের জন্য অত্যন্ত ‘ক্রিটিক্যাল’ বা সন্ধিক্ষণ। এই নির্বাচনের স্বচ্ছতার ওপর যেমন আমাদের নিজেদের চাওয়া রয়েছে, তেমনি বহির্বিশ্বও গভীর আগ্রহ নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসন্ন নির্বাচনের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি সুপার ক্যারাভান’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পাশাপাশি এবার সংস্কার ও গণভোটের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের মঙ্গলের স্বার্থে ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে যা প্রয়োজন, সেই সিদ্ধান্ত তারাই নেবে। প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা হবে।”
উপদেষ্টা আক্ষেপ করে বলেন, বাংলাদেশ অনেক সম্ভাবনাময় দেশ হওয়া সত্ত্বেও প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি। তিনি বলেন, “আমরা জনগণের ভালোর জন্য কিছু কাজ শুরু করেছি, তবে সব শেষ করতে পারিনি। অতীতে দেখা গেছে, এক সরকার কিছু করলে পরের সরকার এসে তা বাতিল করে দেয়। আশা করি, ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, তারা যেন এই জনহিতকর কাজগুলো এগিয়ে নিয়ে যায়।”
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।