bogra times Add
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬

৭৭% ভোটারের কাছে উন্নয়ন মানেই রাস্তা-কালভার্ট: সিপিডি জরিপ

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রায় ৭৭ শতাংশ ভোটারের মতে, রাস্তা, কালভার্ট নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়। অর্থাৎ, উন্নয়ন সম্পর্কে ভোটারদের ধারণা এখনও অবকাঠামো নির্মাণকেন্দ্রিকই রয়ে গেছে—এবং জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রেও বিষয়টি তাদের ব্যাপকভাবে প্রভাবিত করছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ‘নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপে দেখা গেছে, অধিকাংশ ভোটারের কাছে উন্নয়ন বলতে এখনও সড়ক, ব্রিজ, কালভার্ট ও দৃশ্যমান অবকাঠামোকেই প্রধান সূচক হিসেবে বিবেচনা করা হয়। শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সাথে ব্রিজ ও সড়ক নির্মাণকে সরাসরি যুক্ত করেন। পার্বত্য চট্টগ্রাম, উপকূলীয় অঞ্চল, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক এলাকায় এ ধারণা আরও প্রবল।

ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যেও উন্নয়ন নিয়ে প্রায় একই রকম দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা গেছে। যদিও কিছু ক্ষেত্রে দলীয় প্রতিনিধিদের উন্নয়ন ধারণা তুলনামূলক বিস্তৃত, তবুও ভোটারদের উন্নয়নবোধ এখনও মূলত অবকাঠামোকেন্দ্রিকই রয়ে গেছে।

সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত বলেন, “উন্নয়ন ধারণার এই একমুখী প্রবণতা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়ালে ফেলে দিতে পারে।” তার মতে, উন্নয়ন আলোচনায় কর্মসংস্থান ও অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জীবনমানের বিষয়গুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

জরিপে ১৫০টি নির্বাচনী এলাকার ৪৫০ জন নির্বাচনী প্রার্থী, তাদের মনোনীত প্রতিনিধি এবং বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার ১ হাজার ২০০ ভোটারের মতামত নেওয়া হয়েছে। পরিবেশ, সবুজ অর্থনীতি ও সামাজিক উন্নয়ন—এই তিন স্তম্ভে ভোটার ও প্রার্থীদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করা হয়েছে।

পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও প্লাস্টিক কমানোর ওপর জোর

জরিপে উঠে এসেছে, পরিবেশ রক্ষার উপায় হিসেবে প্রায় ৬১ শতাংশ ভোটার গাছ লাগানো ও প্লাস্টিক ব্যবহার কমানোর ওপর জোর দিয়েছেন। রাজনৈতিক প্রার্থীরাও প্রায় একই ধরনের সমাধানের কথা বলেছেন। তবে নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে সচেতন ভোটারের হার ৪৭ শতাংশ, প্রার্থীদের মধ্যে যা ৪২ শতাংশ।

গবেষকরা উল্লেখ করেন, ভোটাররা যেসব কাজ ব্যক্তিগতভাবে সহজে করতে পারেন, সেগুলোকেই পরিবেশ রক্ষার প্রধান সমাধান হিসেবে দেখছেন।

সামাজিক উন্নয়নে অগ্রাধিকার স্বাস্থ্য ও শিক্ষা

গবেষণায় দেখা গেছে, পরিবেশ ও অর্থনীতির তুলনায় সামাজিক স্তম্ভকে সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছেন ভোটার ও প্রার্থীরা। ভোটারদের কাছে দারিদ্র্য, আয় ও কর্মসংস্থানের চাপ এতটাই প্রবল যে সামাজিক বিষয়গুলো গৌণ হয়ে উঠছে। তবে সামাজিক উন্নয়নের প্রশ্নে তাদের অগ্রাধিকার খুবই মৌলিক দুই বিষয়—স্বাস্থ্য ও শিক্ষা।

সিপিডির মতে, এই বাস্তবতা ইঙ্গিত করে যে দেশের একটি বড় অংশ এখনও মৌলিক চাহিদা পূরণের সংগ্রামে রয়েছে।

মিডিয়া ব্রিফিংয়ে জরিপের তথ্য উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত, অনুষ্ঠান সহযোগী সামি মোহাম্মদ, মালিহা সাবাহ ও নূর ইয়ানা জান্নাত।