bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ভোট উৎসব: ভ্যানে ভ্যানে নারী ভোটারদের কেন্দ্রমুখী স্রোত

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন প্রাণবন্ত এক উৎসবে রূপ নিয়েছে। উপজেলার ৫২টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সড়কে সড়কে ভ্যানের পর ভ্যান বোঝাই করে নারী ভোটাররা দলবেঁধে কেন্দ্রমুখী হওয়ার দৃশ্য সাধারণ নির্বাচনকেও ছাড়িয়ে যায়।

শুরুতে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুর গড়াতেই উপজেলার বিভিন্ন সড়কে নারীদের সরব পদচারণায় মুখর হয়ে ওঠে। পরিবার, প্রতিবেশী ও আত্মীয়স্বজন নিয়ে কেউ এসেছেন রিকশায়, কেউ পায়ে হেঁটে। অনেক নারী ভোটার রঙিন শাড়ি ও উৎসবের পোশাকে সেজে ভোট দিতে এসে কেন্দ্রের বাইরেও সৃষ্টি করেছেন মিলনমেলার আমেজ।

ঢাকা থেকে ছুটি নিয়ে এলাকায় আসা এক নারী ভোটার জানান, “অনেক দিন পর নিশ্চিন্তে ভোট দিতে পারছি। বাড়ি ফেরার পথে যানজটে কষ্ট হলেও এখন ভোট দেওয়ার আনন্দে সব কষ্ট ভুলে গেছি।”

আরেকজন নারী ভোটার আবেগাপ্লুত হয়ে বলেন, “পরিবারের সবাই মিলে ভোট দিতে আসা—এ যেন ঈদের দিনের মতো আনন্দের। এত মানুষের মিলনমেলা দেখে ভালো লাগায় ভরে গেল।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার ৯৪৪ জন, নারী ৭৯ হাজার ৫০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। দুপুর পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি ছিল পুরুষের তুলনায় বেশি লক্ষণীয়।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের মোবাইল টিম নিরলস টহল কার্যক্রম চালায়।

ভ্যানে ভ্যানে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশ আর আনন্দঘন কেন্দ্রমুখী স্রোত ফুলবাড়ীর এ নির্বাচনকে স্মরণীয় করে রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। সব মিলিয়ে দিনাজপুরের প্রান্তিক এই উপজেলা আজ যেন গণতন্ত্রের এক বর্ণাঢ্য উৎসবে মেতে উঠেছিল।