bogra times cover image-1
ঢাকাFriday , 6 March 2026

স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন হানিফ সংকেতসহ ১৫ জন

Link Copied!

বিনোদন ডেস্কঃ- জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী স্বাধীনতা দিবসে ১৫ বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর এই সম্মাননার জন্য তাদের নির্বাচিত করা হয়।

এ বছর সংস্কৃতি ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দেশের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক, লেখক ও প্রযোজক হানিফ সংকেত। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি তার নির্মিত ও উপস্থাপিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দর্শকদের বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অসামান্য ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানটি দেশের টেলিভিশন অঙ্গনে একটি বিশেষ স্থান তৈরি করে নিয়েছে।

এছাড়া সংস্কৃতি অঙ্গনে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেছেন প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদ। চলচ্চিত্রের গানে তার অসাধারণ কণ্ঠ ও শাস্ত্রীয় সংগীতে দখলের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি ওস্তাদ বড়ে গুলাম আলী খানের কাছে তালিম নেওয়া এই শিল্পী ‘তালাশ’ চলচ্চিত্রের মাধ্যমে সঙ্গীত পরিচালক তালাত মাহমুদের সঙ্গে কাজ করে আরও পরিচিতি পান।

তার গাওয়া ‘আমাকে পুরাতে যদি এত লাগে ভাল’, ‘যারে যাবি যদি যা’, ‘অনেক সাধের ময়না আমার’ এবং ‘ডেকোনা আমারে তুমি কাছে ডেকো না’সহ অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে দোলা দেয়।

বিজ্ঞপ্তিতে অন্যান্য খাতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও প্রকাশ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে সবার তালিকা বিস্তারিতভাবে উল্লেখ না থাকায় সংশ্লিষ্ট সবার নাম পাওয়া যায়নি।

১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা এবং পাঁচ লাখ টাকার চেক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

error: Content is protected !!