bogra times cover image-1
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬

শেরপুরে ৫০০ পরিবার পেল মানবিক সহায়তার চাল—পৌরসভায় ৩৩৩ ও মির্জাপুরে ১৬৭ জন সুবিধাভোগী

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ৬, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌরসভায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় ৩৩৩ জন মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রত্যেক সুবিধাভোগীকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।

পৌরসভার প্রশাসক মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য (বগুড়া-৫, শেরপুর-ধুনট) গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার লুটপাটতন্ত্র চালু করেছিল এবং গরিবের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার দুঃস্থ মানুষের জন্য খাদ্য সহায়তা ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে।

এমপি সিরাজ আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার সুফল জনগণ দ্রুত পাবে। তিনি স্পষ্ট করে বলেন, “জনগণের টাকায় জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।” দুর্নীতি প্রতিরোধে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বাবলু, রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপি সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, পৌর যুবদল আহ্বায়ক শাহাবুল করিম এবং যুগ্ম আহ্বায়ক আবু রায়হান। এছাড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সুবিধাভোগীরা এ মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।

এর আগে বেলা ১১টার দিকে এমপি সিরাজ শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় ১৬৭ জন মানুষের মাঝেও চাল বিতরণ করেন। সেখানে প্রত্যেককে একই পরিমাণ (১৫ কেজি) চাল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল জব্বার, ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

পরে তিনি উপজেলার ধর্মকাম স্কুল এন্ড কলেজে এক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে সভাপতিত্ব করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান। সভায় শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানটির উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, শেরপুর পৌরসভা ও মির্জাপুর ইউনিয়ন মিলিয়ে মোট ৫০০ জন দুস্থ-দুর্যোগপীড়িত মানুষ এ মানবিক সহায়তার আওতায় এসেছেন।