bogra times Add
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬

ইউটার্নে দুর্ঘটনা, শেরপুরে চার যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত কয়েকজন

এনাম হকঃ-
মার্চ ২৮, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান এলাকার মহাসড়কে ট্রাক ও কোচের চতুর্মুখী সংঘর্ষে এক ট্রাকচালকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৮ মার্চ) রাত আটটার দিকে একটি ট্রাক ইউটার্ন নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির চালক গুরুতর আহত হয়ে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং সহকারী (হেল্পার) আহত হন। এর কিছুক্ষণ পর পেছন দিক থেকে আরও একটি ট্রাক ও একটি যাত্রীবাহী কোচ ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে চতুর্মুখী সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঈদ শেষে ঢাকামুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ইউটার্নে দুর্ঘটনা, শেরপুরে চার যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত কয়েকজন

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পরে ক্ষতিগ্রস্ত তিনটি ট্রাক ও একটি কোচ রেকার দিয়ে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গুরুতর আহত চালক ও তাঁর সহকারীকে অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকাজে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বলেন, “আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”