bogra times cover image-1
ঢাকাFriday , 14 August 2026

জিলাপিতে হাইড্রোজ, বগুড়ায় নিরাপদ খাদ্য অভিযানে ধ্বংস ৩০ কেজি

Link Copied!

বগুড়া, ১৩ আগস্ট ২০২৬:

খাদ্য নিরাপত্তায় বাড়তি নজরদারি চালিয়ে বগুড়ায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে জিলাপিতে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ সনাক্ত করা হয়েছে। আজ বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফতেহআলী বাজারে এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়। এ সময় পাঁচটি দোকানের প্রায় ৩০ কেজি জিলাপি জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তিনি জানান, ফতেহআলী বাজারের বিভিন্ন জিলাপির দোকান থেকে নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ এর উপস্থিতি পাওয়া যায়। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদি ক্যান্সারসহ নানা রোগের কারণ হতে পারে।

যে সকল প্রতিষ্ঠানের জিলাপি জব্দ ও ধ্বংস করা হয়েছে সেগুলো হলো— হাজী জিলাপী, সানামা সুইটস, আবুল হোটেল, স্বাদ সুইটস এবং আল আমিন সুইটস। অভিযানে প্রায় ৩০ কেজি জিলাপি বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানের দ্বিতীয় পর্যায়ে ফতেহআলী মাছ বাজারেও ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। সেখানে ৬টি মাছের দোকান থেকে ৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ফরমালিনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে মাছ ব্যবসায়ীদের ফরমালিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং তারা যেন কোনোভাবেই এই বিষাক্ত রাসায়নিক ব্যবহার না করেন, সে বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া সদরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন, নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরিফুল ইসলাম ও জেলা কার্যালয়ের অন্যান্য সাপোর্ট স্টাফ।

জিলাপিতে হাইড্রোজ, বগুড়ায় নিরাপদ খাদ্য অভিযানে ধ্বংস ৩০ কেজি

নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল জানান, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষায় আমরা বদ্ধপরিকর। খাদ্যে কোনো নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক শনাক্তে তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভোক্তাদের সতর্ক থাকার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

error: Content is protected !!