bogra times cover image-1
ঢাকাThursday , 19 November 2026

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকী তৈরি, ৩০ হাজার টাকা জরিমানা

Link Copied!

বগুড়া সদর উপজেলার খাজাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকী তৈরি এবং নিষিদ্ধ রাসায়নিক ও শিল্পকারখানার লবণ ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানা থেকে জব্দ করা হাইড্রোজ, সাল্টু ও ইন্ডাস্ট্রিয়াল লবণ জনসমক্ষে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার খাজাপাড়া এলাকায় করতোয়া নদীর পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, আবুল হোটেল নামের নিমকী তৈরির কারখানায় খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে এবং খোলা টয়লেটের পাশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া নিমকী তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ও সাল্টু, শিল্পকারখানায় ব্যবহৃত লবণ এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটির মালিক মো. শাজাহানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ রাসায়নিক ও শিল্পকারখানার লবণ জনসমক্ষে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে দ্রুত কারখানা স্থানান্তর এবং খাদ্য উৎপাদনে সরকারের নির্ধারিত বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

error: Content is protected !!