bogra times cover image-1
ঢাকাMonday , 24 August 2026

নষ্ট ডিমে কেক তৈরি, বগুড়ায় কারখানায় ৩৫ হাজার টাকা জরিমানা

Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়ায় একটি কেকের কারখানায় অভিযান চালিয়ে ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট তৈরি এবং খাদ্য সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার (২৩ আগস্ট) বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ‘মি. কেক’ নামের ওই কারখানায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান এবং মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম দিয়ে জন্মদিনের কেক তৈরি করা হচ্ছিল। এ ছাড়া কেক ও বিস্কুট তৈরির জায়গাটি ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। উৎপাদিত খাদ্যও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। কেক তৈরিতে নিয়োজিত কর্মীদেরও ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করতে দেখা যায়নি।

এসব অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দোষ স্বীকার করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় কেক তৈরির জন্য সংরক্ষণ করা ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ অন্যান্য সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

পরে কারখানা কর্তৃপক্ষকে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

error: Content is protected !!