bogra times Add
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় মসলা কারখানায় টেক্সটাইল রং ব্যবহার: ৩ লাখ জরিমানা ও কারাদণ্ড

বগুড়া প্রতিনিধিঃ-
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সাজাহানপুর উপজেলার কাজীপাড়া এলাকায় “আরএসি ইন্ডাস্ট্রি” নামক একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে পঁচা মরিচ ও নষ্ট হলুদ দিয়ে গুঁড়া তৈরির পাশাপাশি টেক্সটাইল রং মেশানোর প্রমাণ পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ৩ লাখ টাকা জরিমানা ও এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন। অভিযানকালে দেখা যায়, কারখানাটি অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পঁচা মরিচ ও নষ্ট হলুদ দিয়ে মসলা প্রক্রিয়াজাত করছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, সেখান থেকে আনুমানিক ৫ কেজি হলুদ রং ও ১.৫ কেজি লাল রং জব্দ করা হয়, যা মূলত টেক্সটাইল বা শিল্পকারখানায় কাপড় রং করতে ব্যবহৃত হয় এবং খাদ্যপণ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রত্যক্ষদর্শী নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল জানান, সাধারণ মসলার চেহারা উজ্জ্বল করতে ও উৎপাদন খরচ কমাতে এসব বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছিল। যা ক্যানসার, লিভার সিরোসিস ও কিডনি জটিলতার মতো মারাত্মক রোগের কারণ হতে পারে।

অভিযানে দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৫ ধারায় “আরএসি ইন্ডাস্ট্রি”-কে ৩ (তিন) লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করে। এছাড়া অপরাধের সঙ্গে জড়িত একজনকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত নিষিদ্ধ রং ও অনিরাপদ উপকরণ বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল ও অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বগুড়া জেলা পুলিশ।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্যে ভেজাল ও অপরিচ্ছন্ন কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জনস্বার্থে অব্যাহত থাকবে।