bogra times cover image-1
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মিষ্টিতে নিষিদ্ধ রাসায়নিক ও শিল্প লবণ, ৫০ কেজি মিষ্টি ধ্বংস ও জরিমানা

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের দায়ে ‘স্মরনিকা হোটেল এন্ড রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রায় ৫০ কেজি মিষ্টি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সোনাতলা উপজেলার রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সোনাতলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার, প্রস্তুত খাবার মেঝেতে সংরক্ষণ এবং মিষ্টান্ন তৈরির স্থানে কুকুর-বিড়ালের অবাধ প্রবেশের বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া খাদ্য প্রস্তুতিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির মালিকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।

অভিযানে প্রায় ৫০ কেজি মিষ্টি বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সোনাতলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জাহাবুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। নিরাপত্তার দায়িত্বে ছিল সোনাতলা থানার পুলিশের একটি দল।

অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।