bogra times cover image-1
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বপ্ন সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহরে মেয়াদোত্তীর্ণ হোয়াইট ব্রেড বিক্রির দায়ে স্বপ্ন সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে গুণগত মানসনদ না থাকা ও মিথ্যা তথ্য দিয়ে ফার্মেন্টেড মিল্ক বিক্রির অভিযোগে আদি মোহাম্মদ আলী দই ঘরকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, সাতমাথার পুলিশ প্লাজায় স্বপ্ন সুপার শপে অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ হওয়া সত্ত্বেও হোয়াইট ব্রেড বিক্রয় ও বিতরণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ঠনঠনিয়া এলাকার আদি মোহাম্মদ আলী দই ঘরে অভিযান চালিয়ে ফার্মেন্টেড মিল্ক পণ্যের গুণগত মানসনদ না থাকার বিষয়টি পাওয়া যায়। পাশাপাশি মিথ্যা তথ্য দিয়ে ওই পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজিম রেজা চৌধুরী। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।

বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।