bogra times Add
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে এইচএমএস সার্ভে জাহাজ

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর সামুদ্রিক সক্ষমতা জোরদার করতে যুক্তরাজ্যের সাবেক সার্ভে জাহাজ এইচএমস এন্টারপ্রাইজ কিনেছে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনী, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রয়্যাল নেভির মধ্যে ব্যাপক কারিগরি আলোচনার পর বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে এক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এই বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়।

ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ সারা কুক বলেন, “এই সার্ভে জাহাজের বিক্রয় যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গভীর আস্থা ও দৃঢ় সহযোগিতার প্রতিফলন। এইচএমএস এন্টারপ্রাইজ রয়্যাল নেভিকে কৃতিত্বের সঙ্গে সেবা দিয়েছে এবং আমরা গর্বিত যে এটি এখন বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগরের জন্য আমাদের সম্মিলিত অঙ্গীকারকে সহায়তা করবে।”

জাহাজটি সমুদ্র জরিপ অভিযান, মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিক্রিয়া মিশনে এর সুপরিচিত সেবার জন্য পরিচিত। এটি এখন বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রচেষ্টাকে শক্তিশালী করতে সাহায্য করবে। পাশাপাশি, জাহাজটি হাইড্রোগ্রাফিক, ওশানোগ্রাফিক এবং বৈজ্ঞানিক গবেষণার সুযোগ তৈরি করবে এবং বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উল্লেখযোগ্য গবেষণার সুযোগ প্রদান করবে।

এইচএমএস এন্টারপ্রাইজের বিক্রয় যুক্তরাজ্যের বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে চলমান অংশীদারিত্বেরই প্রতিফলন। উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে ২০ বছর সেবা দেওয়ার পর রয়্যাল নেভি আনুষ্ঠানিকভাবে এইচএমএস এন্টারপ্রাইজকে অবসরে পাঠায়। জাহাজটি ইকো-শ্রেণির দুটি সার্ভে জাহাজের মধ্যে দ্বিতীয়টি। এর আগে ২০২২ সালে এইচএমএস ইকো অবসর নেয়। এন্টারপ্রাইজ ও ইকো জাহাজদ্বয়কে প্রতিস্থাপন করেছে নৌবাহিনীর ফিউচার মিলিটারি ডাটা গ্যাদারিং প্রোগ্রাম, যা ড্রোন ও স্বায়ত্তশাসিত সিস্টেমসহ বিশেষজ্ঞ দলগুলিকে অন্যান্য জাহাজে মোতায়েন করে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে।