bogra times Add
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬

ভোটার নম্বর ও ভোটকেন্দ্র খুঁজতে চারটি সহজ পদ্ধতি চালু করেছে ইসি

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর দ্রুত জানার জন্য চারটি সহজ ও ডিজিটাল পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই নতুন সুবিধার কথা জানিয়েছে। জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা সহজেই তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর যাচাই করতে পারবেন।

পদ্ধতি-১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা ‘Smart Election Management BD’ অ্যাপ ডাউনলোড করে তাদের তথ্য পেতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার পর ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ বেছে নিয়ে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের ঠিকানা ও নাম দেখাবে।

পদ্ধতি-২: হটলাইন নম্বর ১০৫
ভোটাররা সরাসরি ১০৫ নম্বরে ফোন করে তাদের ভোটার তথ্য জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ নম্বর প্রেস করতে হবে এবং এনআইডি নম্বর ও জন্ম তারিখ বলতে হবে। এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে।

পদ্ধতি-৩: এসএমএসের মাধ্যমে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাঠানো হবে।

পদ্ধতি-৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ইসির ওয়েবসাইট ecs.gov.bd থেকে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে দুইভাবে তথ্য পাওয়া যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা বেছে নেওয়া যায়। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। ভোটকেন্দ্রের অবস্থান গুগল ম্যাপের মাধ্যমেও দেখা যাবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ভোটারদের সহায়তার লক্ষ্যে এই বহুমুখী ডিজিটাল সেবা চালু করেছে।