bogra times Add
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মঙ্গলবার থেকে সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি শুরু করছে টিসিবি

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক: 

পবিত্র রমজান মাস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সংস্থাটি জানিয়েছে, এ বিশেষ কার্যক্রমের আওতায় ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও নিয়মিত পণ্য বিক্রি চলমান থাকবে।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, “রমজানে বাজার স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রি করার পরিকল্পনা রয়েছে। আগামীকাল থেকে এ কার্যক্রম শুরু হবে এবং এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য সংগ্রহের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, দেশব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। ইতোমধ্যে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে নিয়মিত পণ্য বিক্রয় কার্যক্রম চালু রয়েছে। কার্ডধারী পরিবারের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমে সারা দেশে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

টিসিবি সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে নিয়মিত পণ্যের তালিকায় অতিরিক্তভাবে ছোলা ও খেজুর অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ট্রাকসেলে বিক্রির পণ্যের পরিমাণ ও নির্দিষ্ট মূল্য সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। আগামীকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম রমজান জুড়ে চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।